অভয়নগরে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, সকালে উদ্ধার লাশ

IMG-20260811-WA0016

যশোরের অভয়নগরে পুকুরে পড়ে সাকিব শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার কোটা গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রস্রাব করতে বসেছিলেন সাকিব। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরের পানিতে সাকিবের ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখতে পান। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাকিব মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে বসার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত সাকিবের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা আসলাম শেখ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সাকিব নিজেও কাঠমিস্ত্রির সহকারী হিসেবে দিনমজুরি বা ভাড়ায় কাজ করে পরিবারের আর্থিক সহায়তা করতেন।

সাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন।

Reporter: