কাউনিয়ায় সারাই ইউনিয়নে ১ হাজার ৮০০ বৃক্ষচারা রোপণ

IMG-20260824-WA0043

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮০০টি বৃক্ষচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) সারাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে বৃক্ষচারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় কাউনিয়া উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার যথাযথ পরিচর্যা অত্যন্ত জরুরি। এ সময় প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সারাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে ১ হাজার ৮০০টি বৃক্ষচারা রোপণের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক এলাকার পরিবেশ আরও সবুজ, সুন্দর ও নান্দনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Reporter: