কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0
vcg

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ভেতরের অংশ প্রায় পুরোপুরি পুড়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশন এলাকায় পৌঁছানোর পর সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *