ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতর লুকিয়ে স্বর্ণ চোরাচালান, বিমানের দুই কর্মী আটক

0
27671

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ৪ অক্টোবর সকালে বিমানবন্দরের রানওয়েতে যৌথ অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া এবং অপর কর্মী মো. মিজানুর রহমান (মিজান)।

অভিযানকালে আটককৃতদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল বিমানবন্দরের রানওয়েতে সতর্ক অবস্থান নেয়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (EK0582) রানওয়েতে নামার পর সন্দেহভাজন ওই দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের জুতা থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃত মানিক ও মিজানের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চোরাচালান চক্রের মূল হোতা এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে সিআইআইডি বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *