তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

0
IMG-20260808-WA0050

মোঃ রাজু, জেলা প্রতিনিধি, রাজশাহী

তানোর (রাজশাহী), ৮ আগস্ট ২০২৬:
রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় তানোর থানা কম্পাউন্ডে তানোর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

ডিআইজি তানোর থানায় পৌঁছালে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সভায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, “এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর মাধ্যমে সম্মিলিতভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় তানোর থানার বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বৃক্ষরোপণ

কমিউনিটি পুলিশিং সভা শেষে তানোর থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ।

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *