তিন গ্রামের মানুষের একমাত্র সড়ক এখন যেন মৃত্যুফাঁদ
বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনি দক্ষিণপাড়া, কলমিবুনিয়া ও উত্তর পিংগড়িয়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন এক ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, নারী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার মাটি ও অংশবিশেষ ভেঙে পাশের খালে নেমে গেছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তিন গ্রামের হাজারো মানুষকে।
বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা। তখন যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে কোনো বাসিন্দা অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের সময়মতো চিকিৎসাসেবা দিতে বিলম্ব হয়।
এদিকে সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়কের দুরবস্থার কারণে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, সড়কটি সংস্কার করা হলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হবে।
মসনি দক্ষিণপাড়া, কলমিবুনিয়া ও উত্তর পিংগড়িয়া গ্রামের হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
