পীরগাছায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেফতারে গড়িমসি, চরম উদ্বেগে পরিবার​

IMG-20260817-WA0020
মোঃসৈয়দ আলীপীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) অপহরণের ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার কিংবা চিহ্নিত আসামিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে অপহৃত শিক্ষার্থীর জীবন ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা।​এজাহার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তাম্বুলপুর এলাকার বাসিন্দা মোঃ জাবেদ আলীর মেয়ে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত, কু-প্রস্তাব ও বিয়ের জন্য অনৈতিক চাপ দিয়ে আসছিল স্থানীয় বখাটে আশিক মিয়াসহ কয়েকজন সহযোগী। পরিবার তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৮ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে থেকে বখাটে আশিক ও তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে চম্পট দেয়।​ঘটনার পর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও মেয়েটির কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় অভিযুক্ত আশিক মিয়াসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলাটি পুলিশ রেকর্ড করলেও ঘটনার এতদিন পার হয়ে গেলেও অপহৃতাকে উদ্ধার বা মূল আসামিদের গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।​সন্তানকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বাবা জাবেদ আলী বলেন, “আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে ৮ দিন হয়ে গেল। থানায় মামলা হলেও পুলিশ আসামিদের ধরছে না, মেয়েকেও উদ্ধার করে দিচ্ছে না। আমি আমার নিষ্পাপ মেয়েকে জীবিত উদ্ধার চাই এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”​এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই তাদের অবস্থান চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”​এদিকে দ্রুত অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং দায়ীদের অবিলম্বে গ্রেফতার নিশ্চিত করতে জেলা ও ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Reporter: