পীরগাছায় পোনা অবমুক্তের একদিন পরই বিষ প্রয়োগে মাছ নিধন, নিঃস্ব লিজগ্রহীতা
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন মণ মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। পুকুরের মালিকানা ও লিজ নিয়ে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন পুকুরের লিজগ্রহীতা মতলুবর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী কলেজসংলগ্ন একটি পুকুরে মাছের পোনা মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী কলেজসংলগ্ন পুকুরটির মূল মালিক ফরিদা খানম ও জান্নাতুন রাবেয়া জাহান। দীর্ঘদিন ধরে তাঁদের এক আত্মীয় পুকুরটি ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে প্রকৃত মালিকেরা নিয়ম অনুযায়ী মতলুবর রহমানের কাছে পুকুরটি নতুন করে লিজ দেন।
প্রায় এক থেকে দুই মাস আগে পুকুরটি লিজ নিয়ে সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু করেন মতলুবর রহমান। এ কাজে ১০ থেকে ১২ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। সব প্রস্তুতি শেষে গত শুক্রবার (৬ নভেম্বর) দিনভর পুকুরে প্রায় তিন মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
কিন্তু পোনা অবমুক্তের আনন্দ একদিনও স্থায়ী হয়নি। অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন শনিবার সকালে পুকুরের পানিতে অসংখ্য মাছের পোনা মরে ভেসে উঠতে দেখা যায়। এতে তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী লিজগ্রহীতা মতলুবর রহমান জানান, পুকুরটি লিজ নেওয়ার পর আগের পক্ষের লোকজন এসে লিজের বৈধ কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পারলে পুকুর ছেড়ে দেওয়ার হুমকিও দেন তাঁরা। তবে ওই সময় তাঁরা নিজেদের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অন্যদিকে তাঁর কাছে পুকুর লিজ নেওয়ার বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আরিফ মিয়া ও সানু মিয়াসহ এলাকাবাসী জানান, রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছের পোনা নিধনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
