পীরগাছায় সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা​

IMG-20260820-WA0022


মোঃ সৈয়দআলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
:রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভেজাল বালাইনাশক রাখার অপরাধে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।​দণ্ডপ্রাপ্তরা হলেন— ছাওলা ইউনিয়নের পাওটানা হাটের ‘হাবিবা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আদম এলাকার ইব্রাহিম আলীর ছেলে হাবিবুর রহমান এবং ‘সফুরা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার আসমার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।​অভিযান সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভেজাল বালাইনাশক রাখার দায়ে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে একই অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান তাহসিন বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বা অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সাধারণ কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”​উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, কৃষকদের কাছে সঠিক মূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে। কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।​অভিযানের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।
২০-০৮-২৬

Reporter: