বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি: রাত ৮টার পর শপিংমল-মার্কেট-দোকান বন্ধ
মো: আল-মাহফুজ শাওন
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণ করে নতুন সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আলোকিত বিলবোর্ডগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন এ সময়সীমা শুধু শপিংমল, মার্কেট ও দোকানপাটের ক্ষেত্রে নয়; সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট আয়োজক ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তবে জনসাধারণের জরুরি প্রয়োজন বিবেচনায় কাঁচাবাজার ও খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এ সময়সীমার আওতামুক্ত থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের চাহিদা ও ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা কমানো গেলে বিদ্যুৎ সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
