রংপুরের প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই, সাংবাদিক সমাজে শোকের ছায়া

0
IMG-20260712-WA0000

নিজস্ব প্রতিবেদক

রংপুরের সাংবাদিক অঙ্গনের সুপরিচিত মুখ, রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার সাবেক বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মুন্সিপাড়া কবরস্থানে তাকে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার মধ্য দিয়ে দাফন করা হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং প্রয়াত এই সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তৌহিদুল ইসলাম বাবলা দীর্ঘ কয়েক দশক ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং তরুণ সাংবাদিকদের দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রংপুরের সাংবাদিকতা বিকাশে তার অবদান সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, তৌহিদুল ইসলাম বাবলার মৃত্যু রংপুরের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ, সততা এবং পেশাদার সাংবাদিকতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

রংপুরের বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ প্রয়াত এই গুণী সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *