রূপসায় ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

IMG-20260816-WA0025

মো: আল-মাহফুজ শাওন , খুলনা: 

খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রূপসার মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফখরুল।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্তের পাশাপাশি র‌্যাব-৬ও ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে যশোর সদর থানার সীতারামপুর এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে আর কারা জড়িত এবং কী কারণে ফখরুলকে হত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ইব্রাহিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে রূপসার একটি ইটভাটার অফিসে ফখরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে নতুন অগ্রগতি এসেছে।

Reporter: