লক্ষ্মীপুরে আলোচনায় কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

IMG-20260811-WA0020

মো. নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। উপজেলার হাট-বাজার, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরীকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা দেখা গেছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে নুরুল হুদা চৌধুরী এলাকায় পরিচিতি পেয়েছেন। তরুণদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা।

স্থানীয় কয়েকজন ভোটার জানান, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদে নুরুল হুদা চৌধুরী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কমলনগর উপজেলার উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সমর্থকরা।

নিজের প্রার্থিতা ও নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে নুরুল হুদা চৌধুরী বলেন, “অবহেলিত কমলনগরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যেই আমি নির্বাচনের মাঠে নেমেছি। কমলনগরকে আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। উপজেলাবাসী আমাকে সুযোগ দিলে তাদের ভালোবাসা ও আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “কমলনগর নদীভাঙনপ্রবণ এলাকা। এখানকার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো ভিন্ন। তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে একমত হয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।”

নুরুল হুদা চৌধুরী বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বাড়বে। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কোন প্রার্থীর দিকে যায়, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে।

Reporter: