শত বছরের সড়কে গাছ রোপণ, প্রবেশমুখে গর্ত খুঁড়ে চলাচল বন্ধ; দেড় মাস ধরে অবরুদ্ধ একাধিক পরিবার

IMG-20261008-WA0032


মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:


রংপুরের পীরগাছায় শত বছরের পুরোনো একটি সড়কে জোর করে গাছ রোপণ ও প্রবেশমুখে গভীর গর্ত খুঁড়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সিএস ও এসএ ম্যাপে স্পষ্টভাবে চিহ্নিত এবং সম্প্রতি সরকারি অর্থায়নে সিসি ঢালাই করা সড়কটি এখন চলাচলের অযোগ্য। এতে প্রায় দেড় মাস ধরে একাধিক পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে আছে। থানা, ইউএনও ও ভূমি কার্যালয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি।উপজেলার ৪ নম্বর অন্নদানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবু চালুনিয়া গ্রামে এ ঘটনায় স্থানীয় ইব্রাহিম মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারসহ স্থানীয়দের দাবি, পূর্বপুরুষের আমল থেকে জনচলাচলে ব্যবহৃত এই পথ সরকারি সিএস, এসএ ম্যাপ ও খারিজি নথিতে ‘রাস্তা’ হিসেবে নিবন্ধিত। সম্প্রতি রাস্তার ৩৪ মিটার অংশ সিসি ঢালাই করা হয়। অভিযোগ, সেই পাকা অংশের ওপরই সুপারিসহ বিভিন্ন ফলদ গাছ লাগানো হয়েছে।ভুক্তভোগী পরিবারগুলো জানায়, গত দেড় মাস ধরে তাঁরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। শিশুদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ, বাজার-সদাইও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ স্বাস্থ্যসেবায়; পরিবারের কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার উপায় থাকছে না। বাধ্য হয়ে বাড়ির পেছনের দিঘির পাড়ের সরু ও ঝুঁকিপূর্ণ পথে নারী, শিশু ও বৃদ্ধদের যাতায়াত করতে হচ্ছে।

স্বজনদের আশঙ্কা, অসাবধানতায় শিশুরা দিঘির পানিতে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে।স্থায়ী সমাধানের আশায় এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে ইউএনও, থানা ও ভূমি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে দেড় মাসেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবাদ করায় তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে।অভিযোগ সম্পর্কে জানতে ইব্রাহিম মিয়ার বাড়িতে একাধিকবার গেলেও তিনি কথা বলতে রাজি হননি।

তাঁর পরিবারের সদস্যরাও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিবাদীকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানতে রাজি হননি। তাই বাদীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”পীরগাছা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অতি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”এলাকাবাসীর মতে, সরকারি মানচিত্র ও সদ্য সম্পন্ন সিসি ঢালাইয়ের স্পষ্ট প্রমাণ থাকার পরও পরিবারগুলোকে এভাবে অবরুদ্ধ রাখা বেআইনি ও মানবাধিকারের পরিপন্থী। তাঁরা অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গর্ত ভরাট ও গাছ অপসারণ করে রাস্তাটি জনস্বার্থে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

Reporter: