স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

IMG-20260831-WA0008

মো: আল-মাহফুজ শাওন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে হালনাগাদ তালিকায় মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই সময় ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। তখন মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

নির্বাচনের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়।

পরবর্তীতে আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় সংযোজন করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার (৩১ আগস্ট) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে ইসি।

Reporter: