২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার

IMG-20260927-WA0008

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনায় হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ২৭ বছর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Reporter: