৩৬ টাকায় ‘জেন জি সিম’ নিতে টেলিটক কাস্টমার সেন্টারে গ্রাহকদের ভিড়
শাহনেওয়াজ, ঢাকা জেলা:
‘৩৬ জুলাই’ উপলক্ষে মাত্র ৩৬ টাকায় ‘জেন জি সিম’ দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। এ অফারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে টেলিটকের কাস্টমার সেন্টারগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘জেন জি সিম’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাশ্রয়ী মূল্যে সিম সংগ্রহের সুযোগের পাশাপাশি আকর্ষণীয় অফার থাকায় অনেকেই এই সিম নিতে আগ্রহ দেখাচ্ছেন।
টেলিটকের বিভিন্ন কাস্টমার সেন্টারে সিম নিতে আসা গ্রাহকদের মধ্যে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করে সিম সংগ্রহ করতে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানায়, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সেবা ব্যবহারের মাধ্যমে দেশের অর্থ দেশের মধ্যেই রাখার সুযোগ রয়েছে। এ কারণে নাগরিকদের দেশীয় এই মোবাইল অপারেটরের সেবা ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
টেলিটক কর্তৃপক্ষের মতে, তরুণ প্রজন্মের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে দেশীয় এই মোবাইল অপারেটরের প্রতি গ্রাহকদের আগ্রহ আরও বাড়বে।
