কমলনগরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বৃদ্ধার ওপর হামলা
মো. নুরুল ইসলাম, কমলনগর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক প্রবীণ নারীর ওপর হামলা, দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহেদা আক্তার নামে ওই বৃদ্ধার ওপর হঠাৎ হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা তাঁর দোকানঘর ভাঙচুর করে ভেতরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে দোকানঘর থেকে একটি অটোরিকশা, একটি সিএনজি ও নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনায় পারভেজ, রকি, ফরহাদ ও বাক্কার নামে কয়েকজন ব্যক্তি জড়িত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও নেওয়া হয়েছে।
খবর পেয়ে কমলনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ আহত শাহেদা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে ঘটনার বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত পারভেজ, রকি, ফরহাদ ও বাক্কারের সঙ্গে যোগাযোগ করলে তারা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
কমলনগর থানা পুলিশ জানিয়েছে, আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
