কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন চলাচলের অভিযোগ তুলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি মহেন্দ্রা আটকে দিয়ে প্রতিবাদ জানান শ্রমিকেরা। এ সময় তাঁরা অবিলম্বে অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।
কাউনিয়া বাসস্ট্যান্ড উপকমিটির সম্পাদক মো. শাহিন আলমও মহেন্দ্রা চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কাউনিয়া বাসস্ট্যান্ড উপকমিটির সভাপতি আব্দুল হামিদ বলেন, কাউনিয়ায় অবৈধভাবে থ্রি-হুইলারসহ বিভিন্ন অননুমোদিত যানবাহন চলাচল করছে। এসব যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
রংপুর মোটর শ্রমিক-মালিক সমিতির সদস্য ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আহ্বায়ক মনিরুল ইসলাম সোহেল প্রশাসনের প্রতি অবৈধ থ্রি-হুইলারসহ অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে ট্রাফিক পুলিশের টিআই বখতিয়ার জানান, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
