রংপুরে দুর্যোগ মোকাবিলায় কর্মপরিকল্পনা বিষয়ক নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

IMG-20261118-WA0045

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণ, সমন্বয় জোরদার এবং সরকারি-বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হলরুমে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। রংপুর সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ের পাঁচটি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্তার ব্যবস্থাপনা পরিচালক নাফিসা ইসলাম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক মনজুদার রহমান এবং দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিঞা।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও কার্যকরভাবে মোকাবিলায় তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি সাড়াদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তোলা, যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত সমন্বিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রণীত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Reporter: