বরইবুনিয়া হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
মাটিভাঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বরইবুনিয়া হাইস্কুল মাঠে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়।
ফাউন্ডেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সিএ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এবং নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা।
এছাড়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. মাসুম বিল্লাহ, অন্যতম উপদেষ্টা মো. মোতাসিম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন ও মো. শরিফুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে চারটি দল অংশগ্রহণ করে। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।
চমৎকার খেলা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
