সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

1000101793

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে অভিনয় করা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে বিমানবন্দর থেকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সিআইডি এই হত্যা মামলার তদন্ত করছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় ডনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আনুষ্ঠানিকতা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়কের রহস্যজনক মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত বছর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার পর নতুন করে হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলাটির বর্তমান তদন্তভার সিআইডির হাতে রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় এবার অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হলো।

Reporter: