কমলনগরে এতিমখানায় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোহাম্মদ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত আবদুর রবখাঁন ইসলামিয়া এতিমখানায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমতে নিয়োজিত প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এতিম, অসহায়, দুস্থ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে সহায়তা করাই তাঁর মূল লক্ষ্য। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের তেলাওয়াত শুনে সন্তোষ প্রকাশ করেন আয়োজক নিজাম উদ্দিন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদেরও নগদ অর্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এ সময় আবদুর রবখাঁন ইসলামিয়া এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এতিম, অসহায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কুরআন প্রতিযোগিতার আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত করতে পারবে।
ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হাফেজ মাহবুবুর রহমান বলেন, “আমি নিজেও একজন হাফেজ। এ ধরনের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। যেখানেই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে, শিক্ষার্থীদের সেখানে অংশগ্রহণ করা উচিত। এতে তারা নিজেদের মেধা বিকাশের পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।”
তিনি এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আবদুর রবখাঁন ইসলামিয়া এতিমখানার উত্তরোত্তর উন্নতি এবং দ্বীনের খেদমতে প্রতিষ্ঠানটির অবদান রাখার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হাফেজ মাহবুবুর রহমান, আবদুর রবখাঁন ইসলামিয়া এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির তোরাবগঞ্জ সার্ভিসিং সেলের জিএম মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক আমজাদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
