কাউনিয়ায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ; ধানের বস্তা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের দাবি

0
IMG_20260726_211214

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা তেলিপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক ময়জুল হক বর্তমানে কারাগারে বন্দী থাকায় বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা ঘরে থাকা একাধিক ধানের বস্তা, প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং শোকেসের ভেতরে মাটির হাঁড়িতে রাখা নগদ এক লাখ টাকা নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনার সময় এলাকায় ৪ থেকে ৫ জন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের মধ্যে নুরুল হক ও তার স্ত্রী খালেদা বেগমকে শনাক্ত করার দাবি করেছেন কয়েকজন এলাকাবাসী। তবে অভিযুক্ত নুরুল হক ও খালেদা বেগম তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

অভিযোগকারী পক্ষ জানায়, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরেই চুরির ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ।

এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, “মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

ভুক্তভোগীরা জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *