ছুটির আমেজে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল, মুখর পুরো সৈকত
মামুনুর রশীদ
কক্সবাজার প্রতিনিধি
টানা ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো সৈকত। এতে পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ফিরেছে প্রাণচাঞ্চল্য।
শুক্রবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও সি-গাল পয়েন্টে ভিড় করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সমুদ্রের ঢেউ উপভোগে মেতে ওঠেন তারা। কেউ সাগরের জলে গোসল করছেন, কেউ বালুকাবেলায় হাঁটছেন, আবার অনেকে স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন।
পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত এবং সৈকতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পর্যটকদের সেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ব্যস্ত সময় পার করছে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, লাইফগার্ড ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, টানা ছুটির পুরো সময়জুড়েই কক্সবাজারে পর্যটকদের এ ভিড় অব্যাহত থাকতে পারে। নিরাপদ ভ্রমণের স্বার্থে পর্যটকদের লাল পতাকা চিহ্নিত এলাকায় সমুদ্রে না নামা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
