কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ

0
IMG_20260807_224124

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল

স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

ফাইনালে মুখোমুখি হবে আউলিয়াবাদ প্রজন্ম উন্নতি ও জনসেবা ফাউন্ডেশন এবং আটাবাড়ী স্পোর্টিং ক্লাব। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের খেলোয়াড়রা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্স-আপ দলকে একটি টেলিভিশন (টিভি) পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এস. এম. সরোয়ার জাহান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরবাসিন্দা ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আ. মালেক, সদস্য সচিব ছানোয়ার মণ্ডল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোলাইমান, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জোয়েল রানা, কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরীফুর রহমান লিটন সিকদার, ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিস সিকদার। সঞ্চালনা করবেন বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান সিকদার।

আয়োজকদের ভাষ্য, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তারা স্থানীয় সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *