জুলাই গণঅভ্যুত্থান দিবসে কমলনগরে শহীদ পরিবারকে সম্মাননা, আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে কমলনগর উপজেলার একমাত্র শহীদ আজগর হোসেন মাসরুরের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় শহীদের স্ত্রী সালেহা বেগম, দুই বছর বয়সী শিশুপুত্র আয়ান এবং বড় ভাই আলী আকবর উপস্থিত ছিলেন। শহীদ মাসরুরের আত্মত্যাগের স্মৃতিচারণকালে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি সার্জেন্ট (অব.) সোলাইমান, আহত জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান আক্তার ও আবদুল আহাদ ফারাবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগতি-কমলনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ডা. সামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
