টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর লালন সংগীত সন্ধ্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাগুটিয়ার সাধুর ধামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমিন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন মিজান ভারাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, এলজিইডি কালিহাতীর প্রকৌশলী সানোয়ার হোসেন এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল সরকার, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক শাহ আলম, সংগঠনের সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সাধু পরিষদের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লেলিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম কাঙ্গাল রফিক, বুলবুল আহমেদ, লালন সিদ্দিকী, আল কামাল রতন ও কানাই লাল সরকারসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লালন সংগীত সন্ধ্যায় বাউল ও লালনশিল্পীরা লালন সাঁইজির দর্শন ও মানবতাবাদী ভাবধারার বিভিন্ন গান পরিবেশন করেন। গানের মধ্য দিয়ে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরা হয়। দীর্ঘ সময়ের এ আয়োজনে সাধু, বাউল, ফকির, লালনভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, লালন দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
