পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ সৈয়দ আলী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের দুই দশক পূর্তি উপলক্ষে এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কারবালাস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোস্তাক আহমেদ ও পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পীরগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু হাসেম, সাবেক সেক্রেটারি মোস্তাফিজার রহমান, বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকসহ জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা দিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও শহীদদের পরিবারগুলো এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার পায়নি বলে দাবি করেন তাঁরা।
বক্তারা ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
