পীরগাছায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের করুণ দশা ৪ মাস অনুপস্থিত প্রধান শিক্ষক, ১৫ শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী সাত-আটজন​

IMG-20260818-WA0011

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক নৈরাজ্য ও দায়িত্বহীনতায় চরম শিক্ষার সংকট দেখা দিয়েছে। কাগজে-কলমে শিক্ষার্থী ও শিক্ষকের পর্যাপ্ত সংখ্যা দেখানো হলেও বাস্তবে পুরো প্রতিষ্ঠানটি এখন শিক্ষক-শিক্ষার্থী শূন্য। প্রধান শিক্ষক গত চার মাস ধরে বিদ্যালয়ে সম্পূর্ণ অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। আর ১৫ জন শিক্ষকের মধ্যে দৈনিক উপস্থিত থাকেন মাত্র চার-পাঁচজন, বাকিরা সপ্তাহে একদিন এসে বকেয়া সই সম্পন্ন করেন।​সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ প্রায় নির্জন। ষষ্ঠ শ্রেণিতে নিয়মিত শিক্ষার্থী রয়েছে মাত্র ১ জন, অষ্টম শ্রেণিতে ৫ জন এবং দশম শ্রেণিতে ১ জন। পুরো বিদ্যালয়ে প্রতিদিন গড়ে সাত থেকে আটজন শিক্ষার্থী উপস্থিত থাকে। অথচ শিক্ষক-শিক্ষিকার পদ রয়েছে ১৫টি।​বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলাম এই অনিয়মের সত্যতা নিশ্চিত করে জানান, “প্রধান শিক্ষক চার মাস ধরে স্কুলে আসেন না এবং হাজিরা খাতায় কোনো সই নেই, তবুও তিনি বেতন নিচ্ছেন। আমরা ১৫ জন শিক্ষকের মধ্যে মাত্র ৪-৫ জন প্রতিদিন স্কুলে আসি। বাস্তবে ক্লাস করার মতো শিক্ষার্থীও নেই বললেই চলে।”​স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, সরকারি বরাদ্দ ও বেতন-ভাতা আত্মসাতের উদ্দেশ্যেই নামমাত্র এ প্রতিষ্ঠান চালু রাখা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।​অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।​পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter: