বোচাগঞ্জে নাফানগর এসডিজি গ্রামের উদ্বোধন
মো. আমিরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দেশের তিন জেলার তিনটি গ্রামকে আধুনিকায়নের লক্ষ্যে পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামকে ‘এসডিজি গ্রাম’ হিসেবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বোচাগঞ্জ উপজেলার নাফানগর টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বাস্তবায়নে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এসডিজি গ্রামের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসী শিশু কন্যা আরতী মুর্মু এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ তানভি শোভন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলীসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্পের আওতায় নাফানগর গ্রামকে আধুনিক ও টেকসই গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
