গাজীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় পিরুজালীর খলিফা মার্কেট এলাকায় ‘পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউপি সদস্যের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। বক্তারা বলেন, গত ৩১ জুলাই পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় জমি মাপাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহ আলম খলিফা ও মামলার অভিযোগকারীর মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সেখানে ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা ঘটেনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল আলিম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “ঘটনার পরদিন সকালে মামলার বাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে যান এবং পরবর্তীতে জয়দেবপুর থানায় এ মামলাটি করা হয়। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য বেরিয়ে আসুক। কিন্তু কোনো তথ্য-প্রমাণ যাচাই ছাড়া একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এভাবে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই কাম্য নয়।”
এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পুলিশের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণাদী নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হোক। কোনো পক্ষের প্রভাব ছাড়া তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
প্রতিবাদ সভা শেষে খলিফা মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিরুজালীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, অবিলম্বে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মামলার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ২ আগস্ট জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। এ বিষয়ে পুলিশ জানায়, মামলার মূল অভিযোগ ও প্রাপ্ত তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
