‘মোস্তফা সরয়ার ফারুকী আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন’—সারজিস আলম

0
1

শাহনেওয়াজ।। ঢাকা জেলা

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাজের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। একইসঙ্গে ফারুকীর নিয়োগের সময় তার সমালোচনা করার জন্য ‘সরি’ এবং পরবর্তী সময়ে তার কাজের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সময় তিনিও অনেকের মতো সমালোচনা করেছিলেন। তবে দায়িত্ব পালনকালে তার কাজ মূল্যায়ন করে এখন মনে করছেন, স্বল্প সময়ের মধ্যে সফলভাবে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের মধ্যে ফারুকী অন্যতম।

সারজিস আলম বলেন, দায়িত্ব পালনকালের পাশাপাশি পরবর্তী সময়েও মোস্তফা সরয়ার ফারুকী তার কথা ও কাজের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছেন, যা প্রশংসার দাবিদার।

ফারুকীর সময়ের দুটি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, এর মধ্যে অন্যতম হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা। তার মতে, এর মাধ্যমে শুধু জুলাই বা গত ১৬ বছরের স্মৃতি সংরক্ষণই নয়, জাদুঘরটিকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ‘কালচারাল স্পেস’ হিসেবেও গড়ে তোলা হয়েছে।

এ ছাড়া ১৬ বছরের রাজনৈতিক সময়ের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন তৈরির বিষয়টিকেও গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেন তিনি। এসব কনটেন্টে গুম, খুন, লুটপাট, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা, ক্যাম্পাস সহিংসতা এবং জুলাই বিপ্লবসহ বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন সারজিস আলম।

তিনি আরও দাবি করেন, অনলাইনে প্রকাশিত এসব কনটেন্ট এখন পর্যন্ত শুধু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেই ১৪৮ মিলিয়ন ভিউ পেয়েছে।

পোস্টে সারজিস আলম বলেন, মোস্তফা সরয়ার ফারুকী তার কথা ও কাজের মাধ্যমে তাদের অনেকের পূর্বধারণাকে ভুল প্রমাণ করেছেন। এ জন্য তিনি ফারুকীকে আন্তরিক ধন্যবাদ জানান।

পোস্টের শেষাংশে সারজিস আলম মন্তব্য করেন, যোগ্যতা ও কাজের বিচারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম সেরা হিসেবে বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *