রাজধানীর খিলগাঁওয়ে জজ হত্যা মামলায় আরও ৫ জন গ্রেফতার

0
1000122893

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা জজ মিয়া হত্যা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। এ অভিযানে মুক্তাগাছা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সহায়তা করে।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা থানার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকা থেকে তিনজন এবং একই রাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে ডিবির সহযোগিতায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— মনির হোসেন (২৫), রমজান ওরফে বুলেট (২২), আশিক (২২), রাসেল (২৪) ও সাব্বির খান (২৩)। তাদের অধিকাংশই রাজধানীর বাড্ডা এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

খিলগাঁও থানা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পাঁচজনই জজ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া আব্দুল্লাহ ও করিমকে আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রাথমিক তদন্ত, ভিকটিমের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় পুলিশ জানতে পারে, গত ৮ সেপ্টেম্বর সকালে জজ মিয়া (৪৪) বাসা থেকে বের হয়ে বাড্ডার মেরুল এলাকার একটি গ্যারেজে যান।

সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা আব্দুল্লাহ, করিম, মনির, রমজান, আশিক, রাসেল, সাব্বিরসহ অন্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। পরে মরদেহ সিএনজিচালিত অটোরিকশায় করে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালে ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *