চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ
মো. সাকিব, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি আগস্ট মাসে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিভিন্ন অভিযানে ৫৩ বিজিবি এখন পর্যন্ত ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
