এইচএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়, সাফল্য কামনায় কাউনিয়া কলেজে দোয়া মাহফিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ায় অংশ নেন।

রবিবার (২৮ জুন) সকালে কাউনিয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ফারুক আজমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মাহবুব আলম, উপাধ্যক্ষ জোনায়েত আহম্মেদ, সহকারী অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক সরকার আবু ফেরদৌস, মো. মোহসিন হিরা, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফখরুল ইসলাম রায়হান এবং কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলেফনুর ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার ফলাফল উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি তৈরি করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস, সময়ানুবর্তিতা এবং সততার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা পরীক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থেকে সব ধরনের ভয় ও উদ্বেগ কাটিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার দায়িত্বও শিক্ষার্থীদের রয়েছে। শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতা কাজে লাগিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কাউনিয়া কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি বিভাগ থেকে মোট ৫৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
