কক্সবাজার শহরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফলাফলে সাফল্য
কক্সবাজার প্রতিনিধি:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কক্সবাজার শহরের চারটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জিত হয়েছে। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে রয়েছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।
চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ হাজার ২৮৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৯০ জন শিক্ষার্থী পাস করেছে। চার প্রতিষ্ঠানে মোট ২৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৯৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।
কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২০৭ জন। এর মধ্যে পাস করেছে ১৭৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৫ দশমিক ৫১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮ দশমিক ৯৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন।
অন্যদিকে, কক্সবাজার মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৩৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮২ দশমিক ৬৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চার প্রতিষ্ঠানের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এগিয়ে রয়েছে। ভালো ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
