খুলনায় পুলিশের অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল

IMG-20260811-WA0063

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে লবণচরা থানা পুলিশের একটি দল জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার পথে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, টেক্সটাইল কলেজ পার হয়ে বাদশা হাওলাদারের মার্কেটের সামনে ফাঁকা জায়গায় পৌঁছালে পুলিশ সদস্যরা আটটি মোটরসাইকেলসহ ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ আল মামুন (২১), পিতা মাহাবুর রহমান, সাং গাওঘারা এবং মো. ইমরুল গাজী (২১), পিতা মৃত মোকসেদ গাজী, সাং শুকতারা। তারা দুজনই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর কাগজপত্র, মালিকানা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মোটরসাইকেলগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ও ঘটনার প্রকৃত কারণ জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

কেএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Reporter: