চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশি মুদ্রা তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ২
মো. সাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরে জাল বিদেশি মুদ্রা তৈরির একটি আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় জাল মুদ্রা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন দেশের ২৫ বান্ডিল জাল মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়িটি থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রার ২৫ বান্ডিল এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তসিকুল ইসলাম ও শামীম আলীকে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক দুজন জাল বিদেশি মুদ্রা তৈরির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে ওই বাড়িটি জাল বিদেশি মুদ্রা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। সেখানে বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট তৈরি করা হতো।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত মূল হোতাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
