দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে কুরআন সবক, সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণ

0
IMG-20260808-WA0046

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘কুরআন সবক প্রদান, সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে শহরের এফপিএবি মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের চেয়ারম্যান রাজিবুর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. শামসুজ্জোহা।

অনুষ্ঠানে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সবক প্রদান করেন সাওতিল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম। তাঁর মাধ্যমে নূরানি বিভাগ থেকে নাজেরা বিভাগে উত্তীর্ণ প্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্রের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন লালবাগ ২ নম্বর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আতিকুর রহমান ইবনে আবু তাহের বর্ধমানী। তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের আরেকটি পর্বে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি রাজিবুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি ড. শামসুজ্জোহা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। কুরআন ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করা গেলে নৈতিক, আদর্শবান ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *