পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চৌধুরানীতে সাইদুল ইসলামের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌধুরানী বাজার থেকে কৈকুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের উদ্যোগে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়।
বিকেলে চৌধুরানী বাজার থেকে র্যালিটি বের হয়ে কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন। পরে র্যালিটি পীরগাছা কলেজ মাঠে গিয়ে উপজেলা বিএনপির আয়োজিত মূল গণজমায়েতের সঙ্গে একীভূত হয়।
র্যালিতে ছিল ঐতিহ্যবাহী সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সওয়ারি ঘোড়া ও ব্যান্ডপার্টি। বাদ্যযন্ত্রের তালে পুরো চৌধুরানী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজন সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম বলেন, দলের দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।
এ সময় কৈকুড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
