রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ব্যান্ড সংগীতের আয়োজন

IMG-20260815-WA0001

মো. গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি :

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী, সুরকার ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ব্যান্ড সংগীতের বিশেষ আয়োজন করা হয়েছে। সংগীতপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত এই শিল্পীর জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। পরিবারের সংগীতচর্চার পরিবেশ না থাকলেও গিটারের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। ১৯৭৩ সালে বাবার কাছ থেকে তিনি প্রথম অ্যাকোস্টিক গিটার পান।

১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে আইয়ুব বাচ্চু পেশাদার সংগীতজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। এরপর ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি নিজস্ব ব্যান্ড ‘এলআরবি’ (LRB) প্রতিষ্ঠা করেন। এলআরবির মাধ্যমে বাংলা রক ও ব্যান্ড সংগীতে তিনি নতুন মাত্রা যোগ করেন।

আইয়ুব বাচ্চুর কণ্ঠ ও গিটারের জাদুতে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান। ‘চলো না ঘুরে আসি অজানাতে’, ‘হাসতে দেখ, গাইতে দেখ’, ‘এখন অনেক রাত’, ‘রাত্রির ট্রেন’ ও ‘ফেরারি মন’-এর মতো জনপ্রিয় গান আজও শ্রোতাদের হৃদয়ে স্থান করে আছে।

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি শিল্পী। তার মৃত্যুতে বাংলা ব্যান্ড সংগীত অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে তার সৃষ্টিশীলতা, অসাধারণ গিটার বাজানোর দক্ষতা ও সংগীতের প্রতি নিবেদন তাকে আজও ভক্তদের হৃদয়ে অমর করে রেখেছে।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে রাজশাহীর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তার সংগীত ও অবদান তুলে ধরার পাশাপাশি কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Reporter: