সবুজ কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে কোন্ডায় বিশেষ বৃক্ষরোপণ
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার আওতাধীন কোন্ডা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়ানোর লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শহিদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার আওতাধীন কোন্ডা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়ানোর লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর, ২০২৬, বৃহস্পতিবার সকালে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থানীয় সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই সবুজ উদ্যোগকে আমাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করে তুলতে হবে। আমি এলাকার প্রতিটি খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি কেবল চারা রোপণের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ না রেখে, গাছগুলোর সুরক্ষায় নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভপতিত্বে দক্ষিণ শাখা ও কোন্ডা ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

