আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মহিন উদ্দিন পাটোয়ারী
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. মহিন উদ্দিন পাটোয়ারী। স্থানীয়দের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আগ্রহ ও সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
মহিন উদ্দিন পাটোয়ারী নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. মনির আহমেদ পাটোয়ারীর ছেলে। বর্তমানে তিনি আন্ডারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মহিন উদ্দিন পাটোয়ারী এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে তাঁর সমর্থকদের দাবি।
তাঁর প্রার্থিতা প্রসঙ্গে আন্ডারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন বলেন, “দুঃসময়ে নির্যাতিত নেতা মহিন উদ্দিন পাটোয়ারীকে আমরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি একজন সৎ ও যোগ্য নেতৃত্ব।”
২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ বলেন, “ডাক্তার মহিন উদ্দিন পাটোয়ারী রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “মহিন উদ্দিন পাটোয়ারী মাদক, চুরি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তাঁর অবস্থানকে আমরা ইতিবাচকভাবে দেখি। তাঁকেই আমরা আন্ডারচর ইউনিয়নের যোগ্য অভিভাবক হিসেবে দেখতে চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মহিন উদ্দিন পাটোয়ারীর প্রতি একটি অংশের সমর্থন রয়েছে। সাধারণ মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার প্রত্যাশা থেকেই তাঁর প্রার্থিতাকে সমর্থন করছেন বলে জানান তাঁরা।
সমর্থকদের প্রত্যাশা, মহিন উদ্দিন পাটোয়ারী চেয়ারম্যান নির্বাচিত হলে আন্ডারচর ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেবেন এবং ইউনিয়নটিকে একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
তবে নির্বাচনকে ঘিরে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা, দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়—সেদিকেই এখন নজর রাখছেন আন্ডারচর ইউনিয়নের ভোটাররা।
