লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

IMG-20261006-WA0009

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ

মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি:
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট মাছ ঘাটে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সচেতনতা সভায় ইলিশ সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান এবং নৌ পুলিশের ইনচার্জ (আইসি) মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এর সুফল দীর্ঘমেয়াদে দেশের মৎস্য খাতের পাশাপাশি স্থানীয় জেলেদেরও উপকারে আসবে।

তারা আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে ইলিশ শিকার বন্ধ রাখতে হবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা এবং অন্যদেরও সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত জেলেরা সরকারি সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন। তারা বলেন, মা ইলিশ যখন ডিম ছাড়ে, তখন আইন মেনে ইলিশ আহরণ থেকে বিরত থাকলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

Reporter: