ইসলামাবাদ এম.আর.এস ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

IMG-20261122-WA0002

মামুনুর রশীদ, প্রতিনিধি – ঈদগাহ,কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীতে অবস্থিত ইসলামাবাদ এম.আর.এস ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে তৃতীয় শ্রেণির নূরানী তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের অধীনে পরিচালিত কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের শিক্ষক ইয়াছিন আজাদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক নূর মোস্তফা কামাল সাদেক।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার বেদারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইছাখালী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও এ.জি. লুৎফুল কবির আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রহমান আজাদ।

এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনুর রশিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মাওলানা রমজান আলী নিজামী ও বেলাল উদ্দিন আজাদ। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান বাবলু ও হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথ সংগীত পরিবেশন, আরবি বক্তব্য ও ইংরেজি বক্তব্য উপস্থাপন করে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

পরিশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুর রহমান আজাদ।

শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য, নৈতিক ও আদর্শিক শিক্ষায় সমৃদ্ধ ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনার মধ্য দিয়ে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Reporter: