উপকূলীয় ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা
দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ছয় অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঝড়ো হাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরবর্তী সময়ে আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি দেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে।
এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক দিনে দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকার বাসিন্দা, নদীপথে চলাচলকারী নৌযান ও জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় প্রয়োজন ছাড়া খোলা জায়গা ও নদীপথে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
