চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৬৮ বোতল এস্কাফসহ যুবক আটক
মো:সাকিব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে ৫৩ বিজিবি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা ইউসুফ আলীকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। পরে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।
আটক ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পরে আটক যুবক ও উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
