ল্যাম্পপোস্ট আছে, কিন্তু বাতি নেই: বছরের পর বছর অন্ধকারে গাজীপুরা-এশিয়া পাম্প সড়ক
নিজস্ব প্রতিবেদক:
সড়কের পাশে সারি সারি ল্যাম্পপোস্ট রয়েছে, কিন্তু নেই আলো। খুঁটি আছে, বাতিও আছে—তবে দীর্ঘ কয়েক বছর ধরে জ্বলছে না একটিও। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড থেকে এশিয়া পাম্প সংলগ্ন সড়কটি।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কজুড়ে দীর্ঘদিন আগে ল্যাম্পপোস্ট স্থাপন করা হলেও সেগুলো বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। রাতের বেলায় পুরো সড়কটি ঘুটঘুটে অন্ধকার থাকায় পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে চরম ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড থেকে এশিয়া পাম্প পর্যন্ত সড়কটি প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচলের জন্য ব্যবহার করে। কিন্তু সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চালকদের পাশাপাশি পথচারীদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে।
অন্ধকারের কারণে সড়কটিতে ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। বিশেষ করে রাতে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে নিরাপত্তাহীনতা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ল্যাম্পপোস্টগুলো অচল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকার, স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত অচল ল্যাম্পপোস্টগুলো মেরামত করে সচল করতে হবে। পাশাপাশি সড়কটিতে নিরবচ্ছিন্ন আলোর ব্যবস্থা নিশ্চিত করা হলে রাতের অন্ধকার দূর হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকিও অনেকাংশে কমবে বলে মনে করছেন তারা।
