ঢাকায় আজ থেকে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস চালু

রাজধানীতে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রুটে চলাচল করবে এই বিশেষ বাসগুলো। নারীদের সুবিধার কথা চিন্তা করে প্রস্তুত করা বাসগুলোর প্রধান আকর্ষণ হলো এদের আকর্ষণীয় গোলাপি রঙ।
এই সার্ভিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— এটি সম্পূর্ণভাবে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। বাসগুলোর চালক (ড্রাইভার) থেকে শুরু করে কন্ডাক্টর ও হেলপার— সব দায়িত্বেই নিয়োজিত রয়েছেন নারীরা।
সূত্রে জানা যায়, বিশেষ এই গোলাপি রঙের ডাবল ডেকোর বাসগুলো মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন প্রধান ডিপো থেকে স্ব-স্ব নির্ধারিত রুটে চলাচল করবে।
গণপরিবহনে নারী যাত্রীদের নিত্যদিনের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার চিত্র বদলে দিতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের যাতায়াত এখন অনেক বেশি সহজ, নিরাপদ ও নিশ্চিন্ত হবে।
বিআরটিসির এই উদ্যোগ নারী ক্ষমতায়ন এবং সড়ক পরিবহনে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।
